হারমোনি ওএসের জন্যও হুয়াওয়ের আবেদন

১৫ জুলাই, ২০১৯ ০০:১৫  
নিজস্ব অপারেটিং সিস্টেম হংমেং এর পর এবার আরেকটি নতুন অপারেটিং সিস্টেম নিবন্ধনের জন্য আবেদন করেছে হুয়াওয়ে। গত ১২ জুলাই ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অফিসে ‘হারমোনি’ নামের এই অপারেটিং সিস্টেমের ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করেছে প্রতিষ্ঠানটি। হারমোনি অপারেটিং সিস্টেমটি মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারের জন্য হুয়াওয়ে তাদের নিজস্ব এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ২০১৫ সালের আগের থেকে এই অপারেটিং সিস্টেমটির ডেভেলপমেন্ট শুরু হয়েছে। মূলত সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের কারণে হুয়াওয়েকে সাময়িকভাবে ব্যান করার ঘটনায় নিজস্ব অপারেটিং সিস্টেম আনার বিষয়টি সামনে এসেছে। যদিও নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে তারপরেও হুয়াওয়ে তাদের অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট বন্ধ করবে না। শোনা যাচ্ছে, এই বছরের মধ্যেই নতুন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে ছাড়বে হুয়াওয়ে। সম্প্রতি হুয়াওয়ের প্রধান নির্বাহী জানান, হংমেং অপারেটিং সিস্টেম গুগলের অ্যান্ড্রয়েডের চেয়েও গতিশীল। এটি রাউটার থেকে শুরু করে ডাটা সেন্টারেও ব্যবহার করা যাবে। ডিবিটেক/বিএমটি